img

ইরান ও যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে এবং দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে নিতে আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শত্রু দুই দেশের মধ্যে পুনরায় আলোচনা শুরুর আগে ইউএই জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধের কোনো প্রয়োজন নেই। 

ইরানি ও মার্কিন কর্মকর্তারা সোমবার রয়টার্সকে জানান, শুক্রবার তুরস্কে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বড় বড় মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে যাচ্ছে, যদি ভালো চুক্তি না হয় তবে খারাপ কিছু হবে।

মার্কিন ঘনিষ্ঠ মিত্র এবং উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দেশ ইউএই বলেছে, এই সংকটের জন্য একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান প্রয়োজন। দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে এক প্যানেল আলোচনায় ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, এই অঞ্চল ইতোমধ্যে বহু ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে গেছে। ’

তিনি বলেন, আমাদের আরেকটি সংঘাতের দরকার নেই। আমি চাই, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হোক এবং এমন বোঝাপড়া তৈরি হোক, যাতে প্রতিদিন এই ধরনের সংকট দেখা না দেয়।

শুক্রবার ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠকে বসবেন। দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক উদ্যোগ পুনরুজ্জীবিত করা এবং নতুন কোনো আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করাই এই বৈঠকের লক্ষ্য। এক আঞ্চলিক কূটনীতিক জানান, সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিতে পারেন।

এই বিভাগের আরও খবর